ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন।
স্পিকারের দপ্তর সূত্রে জানা গেছে, তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকারকে জানাজায় অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি তেহরান সফরে যাচ্ছেন।
আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের নতুন রাষ্ট্রব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পরে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে সর্বোচ্চ নেতা নির্বাচিত হন খামেনি। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি দেশটির সর্বোচ্চ নেতৃত্বে দায়িত্ব পালন করেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুতে ইরানসহ বিভিন্ন দেশে শোকের ছায়া নেমে আসে। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাতে তেহরান, কোম ও মাশহাদে কয়েক দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
মন্তব্যসমূহ