এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পুনঃপরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফল প্রকাশের এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে আবার পরীক্ষা দিতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। এবারের পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করেছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় পুনঃপরীক্ষার নতুন সুযোগের বিষয়টি জানান শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় আমিরা প্রথমবারের মতো সিদ্ধান্ত নিয়েছি এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হবে তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে।’
বর্তমানে পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। শিক্ষার্থীরা চাইলে শুধু ফেল করা বিষয়গুলো অথবা সব বিষয়ে পরীক্ষা দিতে পারেন। তবে এ নিয়মের কারণে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরও পরবর্তী পরীক্ষার জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয়।
নতুন ব্যবস্থায় এ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার ঝুঁকি ও দীর্ঘ সময় ধরে পরীক্ষার ফল নিয়ে তৈরি হওয়া মানসিক চাপ কমবে। পাশাপাশি দ্রুত পুনঃপরীক্ষায় অংশ নিয়ে ফল উন্নত করার সুযোগ পাবেন তারা।
মন্তব্যসমূহ