চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে কম পাসের হার মানবিক বিভাগে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের হিসাবে এ বিভাগে পাসের হার ৪২.১৭ শতাংশ। বিপরীতে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩.১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫০.৭৭ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মানবিক বিভাগে ২ লাখ ৫৮ হাজার ৯৩২ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯০ হাজার ৬৬৪ জন। অন্যদিকে, এ বিভাগে অংশ নেওয়া ৩ লাখ ৪৮ হাজার ৮০৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৫ হাজার ৬৪৭ জন। সব মিলিয়ে মানবিক বিভাগে উত্তীর্ণের হার দাঁড়িয়েছে ৪২.১৭ শতাংশ।
এবার ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৫২.১২ শতাংশ। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং এ বোর্ড থেকে জিপিএ-৫ অর্জন করেছেন ৩ হাজার ২৫০ জন।
গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়।
মন্তব্যসমূহ