ইতালির ফুটবলে ঐতিহাসিক পরিবর্তনের অপেক্ষা। দীর্ঘদিনের আবাস সান সিরো ছেড়ে নতুন স্টেডিয়ামে খেলার প্রস্তুতি নিচ্ছে ইন্টার মিলান ও এসি মিলান। দুই ক্লাবের যৌথ উদ্যোগে নির্মিতব্য নতুন ভেন্যুর নাম হবে ‘জেনেরালি স্টেডিয়াম’। ২০৩১ সাল থেকে সেখানে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
সম্প্রতি যৌথ বিবৃতিতে স্টেডিয়ামটির নাম ও নকশা প্রকাশ করেছে ক্লাব দুটি। ৭১ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার এই স্থাপনার নকশা তৈরি করেছে আন্তর্জাতিক স্থাপত্য প্রতিষ্ঠান ফস্টার অ্যান্ড পার্টনার্স ও মানিকা।
নতুন স্টেডিয়ামের নামকরণের স্বত্ব পেয়েছে ইতালির বীমা প্রতিষ্ঠান জেনেরালি। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ২০ বছরের চুক্তিতে ৬৫০ মিলিয়ন ইউরো ব্যয় করে এই স্বত্ব কিনেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৯৯১ কোটি টাকা। ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামের নামকরণ স্বত্ব নিয়ে এটিকে অন্যতম বড় চুক্তি হিসেবে দেখা হচ্ছে।
নির্মাণ পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে শুরু হবে স্টেডিয়ামটির কাজ। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে ২০৩১-৩২ মৌসুমে নতুন মাঠে প্রথম ম্যাচ আয়োজন করতে চায় ইন্টার ও এসি মিলান।
ক্লাব দুটির ভাষ্য, নতুন ভেন্যুটি শুধু ফুটবল ম্যাচের জন্য একটি আধুনিক ঠিকানা হবে না, বরং মিলান শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হিসেবেও পরিচিতি পাবে।
নতুন স্টেডিয়াম চালু হলে ঐতিহাসিক সান সিরো ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে। ফলে ইতালির ফুটবলের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে থাকা এই মাঠের অধ্যায় শেষ হতে যাচ্ছে।
একই স্টেডিয়ামকে নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে আসা ইন্টার ও এসি মিলানের জন্য এই পরিবর্তন নতুন যুগের সূচনা করবে।
মন্তব্যসমূহ