দেশের বাজারে সোনার দাম কমে ২২ ক্যারেটের এক ভরির মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। গত রোববার প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন এ দাম নির্ধারণ করা হয়। ভ্যাটসহ নির্ধারিত দামটি ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং মঙ্গলবারও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।
নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
এর আগে গত ২৩ অক্টোবর সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়।
ওই সময় ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। আগের ওই মূল্যও সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।
সাম্প্রতিক সময়ে এর আগেও দুই দফা সোনার দাম কমানো হয়েছিল।
মন্তব্যসমূহ