চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর লরি উঠে গেলে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন নেত্রকোণার মদন উপজেলার শিবাশ্রম এলাকার ফাতেমা (৪০) এবং তাঁর আট বছর বয়সী ছেলে রাকিব।
ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে থেমে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় একই দিকে যাওয়া একটি লরি তাঁদের চাপা দেয়।
রফিকুল ইসলামের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্য দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অন্তত আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মন্তব্যসমূহ