বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কর্মসূচি। সংগঠনটির উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মোনাজাত, রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং দেশজুড়ে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আয়োজন করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির তথ্য জানানো হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনে সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সেখানে দোয়া-মোনাজাতেও অংশ নেবেন নেতাকর্মীরা।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর। যুবদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরাও এতে অংশ নেবেন।
একই দিন দুপুর ১২টায় নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় শুরু হবে স্বেচ্ছায় রক্তদান ও বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাইরেও নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। দেশের বিভিন্ন জেলা ও মহানগরে আলোচনাসভা, র্যালি ও সমাবেশের পাশাপাশি রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
এ ছাড়া মাছের পোনা অবমুক্তকরণ ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা ও মহানগর ইউনিটগুলো নিজেদের নির্ধারিত সময় অনুযায়ী এসব কার্যক্রম বাস্তবায়ন করবে।
দুই দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিন ২৮ অক্টোবর উপজেলা, থানা, পৌরসভা ও অধস্তন ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্যসমূহ