লিবিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার আল-সালেহীন আব্দুল নবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ। সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন তাঁরা।
স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, সাক্ষাৎকালে বাংলাদেশের রাষ্ট্রদূত আল-সালেহীন আব্দুল নবীকে স্পিকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং তাঁর সাফল্য কামনা করেন। এ সময় উভয় পক্ষ আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।
পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আগামী দিনে সহযোগিতা অব্যাহত রাখা এবং একসঙ্গে কাজ করার বিষয়ে তাঁরা একমত হন।
সাক্ষাতের সময় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ