পবিত্র রমজান ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে একদল ইসরায়েলি বসতিস্থাপনকারী। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় তারা মসজিদ চত্বরে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার জেরুজালেম গভর্নরেটের পক্ষ থেকে জানানো হয়, সকালে কট্টরপন্থী ইহুদি বসতিস্থাপনকারীদের কয়েকটি দল আল আকসা মসজিদ চত্বর ও এর আশপাশের আঙিনায় প্রবেশ করে। এ সময় তারা সেখানে টহল দেওয়ার পাশাপাশি নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বসতিস্থাপনকারীরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করার সময় ইসরায়েলি সশস্ত্র বাহিনী তাদের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে। একই সময়ে সাধারণ ফিলিস্তিনিদের চলাচল ও উপাসনায় বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
মুসলিমদের তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান আল আকসা মসজিদে এ ধরনের অনুপ্রবেশকে ফিলিস্তিনিরা পরিকল্পিত উসকানি হিসেবে দেখছেন। তাদের আশঙ্কা, রমজান মাসে এমন কর্মকাণ্ড পূর্ব জেরুজালেমের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে।
আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মুসলিম সংগঠনগুলো এ ধরনের অনুপ্রবেশ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা দাবি করে আসছে।
স্থানীয় পর্যবেক্ষকদের আশঙ্কা, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে আল আকসা মসজিদ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হলে তা বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্যসমূহ