বৈশ্বিক সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। তবে ওয়েবসাইটে প্রবেশ করা না গেলেও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ এবং আর্থিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হয়নি। সাইটটি খুলতে গেলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত একটি বার্তা দেখা যাচ্ছিল।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর ওয়েবসাইটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে সাইটটির নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং সুরক্ষা জোরদারের কাজ চলছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ওয়েবসাইটের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি চালু করা হবে না। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সংযোগ স্বাভাবিক রয়েছে। ওয়েবসাইটটি আবার কবে চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।
এদিকে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এসব দুর্বলতা শনাক্ত করেছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে বৈশ্বিক সাইবার নিরাপত্তা দুর্বলতা নিয়ে সরকারও সতর্কতা জারি করেছে। এরই পরিপ্রেক্ষিতে নিজস্ব ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ওয়েবসাইট পুনরায় চালুর নির্দিষ্ট সময় জানা না গেলেও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করাই এ মুহূর্তে প্রধান বিবেচ্য বিষয়।
মন্তব্যসমূহ