মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হয়েছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
তবে দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার তথ্য নাকচ করেছে ইরান। তেহরানের দাবি, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়েই আলোচনার বৈঠক নির্ধারিত নেই।
এর আগে ট্রাম্প জানান, মঙ্গলবার দোহায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি দাবি করেন, বৈঠকটি ইরানের অনুরোধে আয়োজন করা হচ্ছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চূড়ান্ত চুক্তি নিয়ে সরাসরি আলোচনার কোনো কর্মসূচি নেই।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, উইটকফ দোহার পথে রয়েছেন। তবে তিনি ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে একই বিমানে যাচ্ছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পরও সমঝোতা স্মারক নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, দোহায় আলোচনার লক্ষ্য হলো ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন এগিয়ে নেওয়া।
অন্যদিকে ইরান বলছে, তাদের প্রধান লক্ষ্য এখন সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিশ্চিত করা। চূড়ান্ত চুক্তি নিয়ে নতুন আলোচনায় যাওয়ার অবস্থানে তারা নেই। তেহরান আরও জানিয়েছে, কোনো আলোচনা হলে সেটি সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, বরং মধ্যস্থতাকারীদের মাধ্যমে হতে পারে।
সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে পাল্টাপাল্টি অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। দোহা সফর তাই বৈঠক হবে কি না, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই পক্ষের কূটনৈতিক অবস্থান বোঝার ক্ষেত্রে।
সূত্র: সিএনএন
মন্তব্যসমূহ