ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সমঝোতা স্মারক অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি নিজেদের অঙ্গীকার পালন করে, তাহলে ইরানও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, পেজেশকিয়ান বলেছেন, সমঝোতা কোনো একতরফা বিষয় নয়। যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত মেনে চললে তেহরানও নিজ দায়িত্ব পালন করবে।
ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরানের নীতি যুক্তিনির্ভর। তবে প্রয়োজন হলে দেশের প্রতিরক্ষা হবে দৃঢ় ও কঠোর। তার ভাষায়, অযৌক্তিক হুমকি ও ভিত্তিহীন চাপের মুখেও ইরান যুক্তি, মর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, শান্তি ও সমঝোতা তখনই কার্যকর হতে পারে, যখন সব পক্ষ বাস্তবে নিজেদের অঙ্গীকার পালন করে। শুধু বক্তব্য বা চাপ প্রয়োগের মাধ্যমে আলোচনায় অগ্রগতি সম্ভব নয়।
পেজেশকিয়ানের এই মন্তব্য এমন সময় এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। এর আগে তিনি বলেছিলেন, আলোচনার কার্যকারিতা নির্ভর করবে সম্মত অঙ্গীকারগুলোর পূর্ণ বাস্তবায়নের ওপর।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালি পুনরায় চালু, নিষেধাজ্ঞা ও জব্দ সম্পদসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
তবে সাম্প্রতিক সামরিক উত্তেজনা এই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে তেহরানও নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সূত্র: মেহের নিউজ
মন্তব্যসমূহ