বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ।
গত ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন ধার্য করেন। এর আগে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে মূল অভিযোগ সুপিরিয়র রেসপন্সিবিলিটি। তার দায়িত্ব ছিল তৎকালীন সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখা। এসব সিদ্ধান্তের প্রেক্ষাপটে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
প্রসিকিউশনের দাবি, মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং তাদের সাক্ষ্যে ইনুর সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। তাই তার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।
তথ্য অনুযায়ী, গত বছরের ২৫ মার্চ ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত সংস্থা ১১ সেপ্টেম্বর প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয়। এরপর ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেদিনই ট্রাইব্যুনাল তা আমলে নেন।
পরে ২ নভেম্বর অভিযোগ গঠন করা হয়। ৩০ নভেম্বর মামলার সূচনা বক্তব্য শুরু হয়। এই মামলায় তদন্ত কর্মকর্তাসহ প্রসিকিউশনের ১০ জন সাক্ষী সাক্ষ্য দেন। অন্যদিকে আসামিপক্ষে দুইজন সাফাই সাক্ষ্য দেন।
চলতি বছরের ১৩ এপ্রিল মামলার যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
হাসানুল হক ইনু এই মামলার একমাত্র আসামি। তিনি বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
মন্তব্যসমূহ