সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বুধবার, ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
সৌদি কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় এবং মামলাটি আদালতে পাঠানো হয়।
আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। শাস্তি নির্ধারণের ক্ষেত্রে অপরাধের গুরুতরতা এবং পবিত্র সময় ও স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে। এরপর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মৃত্যুদণ্ডের ঘোষণা দিতে গিয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
একই সঙ্গে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তাকেও আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
মন্তব্যসমূহ