দেশব্যাপী খাদ্যে ভেজাল শনাক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বর্তমানে আটটি মহানগরে পরিচালিত ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে স্থাপিত একটি ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে পরীক্ষাগারগুলোর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে সচিবালয়ে নিজ দপ্তরে যাওয়ার আগে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে রাখা মোবাইল ল্যাবরেটরি ভ্যানটি ঘুরে দেখেন তারেক রহমান। তিনি পরীক্ষাগারের ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন।
কর্মকর্তারা জানান, খাদ্যে ভেজাল প্রতিরোধে দেশের ৬৪টি জেলায় অভিযান ও তদারকি কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষাগার ব্যবহার করে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
বর্তমানে আটটি মহানগর এলাকায় এসব পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের মান যাচাই ও তদারকি চলছে। ভবিষ্যতে জেলা পর্যায়েও এ সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় নতুন ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।
কর্মকর্তারা আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাদ্যে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানেও পৃথকভাবে খাদ্য পরীক্ষা ও তদারকির কাজ চলছে।
খাদ্য পরীক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ব্যবস্থাও রাখা হয়েছে ভ্রাম্যমাণ পরীক্ষাগারগুলোতে। প্রতিটি ভ্যানের বাইরের অংশে স্থাপিত মনিটরের মাধ্যমে নিরাপদ খাদ্যসংক্রান্ত সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।
প্রধানমন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরী।
এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ