রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থলে এখনো ধোঁয়া ও তাপ থাকায় নতুন করে আগুন জ্বলে ওঠার ঝুঁকি রয়েছে। পরিস্থিতি নিরাপদ রাখতে পানি ছিটানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঘটনাস্থলে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
তিনি জানান, আগুনের বিস্তার ঠেকানো সম্ভব হয়েছে। তবে ভবনের কিছু অংশ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। ভেতরে জমে থাকা তাপের কারণে পুনরায় আগুনের সূত্রপাত হতে পারে। এ আশঙ্কা থেকে ঘটনাস্থলে পানি দেওয়ার কাজ অব্যাহত রাখা হয়েছে।
অগ্নিনির্বাপণ কার্যক্রমে বেশ কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে জানিয়ে কাজী নজমুজ্জামান বলেন, ব্যস্ত সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়।
এ ছাড়া ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে জটিলতা তৈরি হয়। আশপাশে প্রয়োজনীয় পানির উৎসের অভাবও অগ্নিনির্বাপণ কার্যক্রমকে কঠিন করে তোলে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দা কিংবা ব্যবসায়ীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের চারজন কর্মী আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে আগুনে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, সেটিও নির্ধারণ করা সম্ভব হয়নি।
আগুন পুরোপুরি নিভে গেলেও পুনরায় জ্বলে ওঠার আশঙ্কায় ঘটনাস্থলে পানি দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ