রাজধানী ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্ভাব্য দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত নগরায়ন এবং আগাম প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকিও রয়েছে। কিন্তু এসব বিষয়ে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয় না। বিশেষ করে ঢাকার বর্তমান নগরব্যবস্থা বিবেচনায় বড় ধরনের ভূমিকম্প হলে ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন শহরে অপরিকল্পিত নগরব্যবস্থার কারণে দুর্যোগের সময় প্রাণহানির সংখ্যা অনেক বেড়ে যায়। এ ধরনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশেও নগর পরিকল্পনা ও দুর্যোগ প্রস্তুতিতে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।
রাষ্ট্রপতি যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে যথাযথ নগর পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম।
মন্তব্যসমূহ