যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রচারণামূলক বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। নতুন সিদ্ধান্তের ফলে এসব দেশে মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে টিকটক কিংবা বাইটড্যান্সের অন্যান্য সেবার বিজ্ঞাপন প্রচার করা যাবে না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেটার এক মুখপাত্র নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, মিসর, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এসব দেশে তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতারাও টিকটক বা বাইটড্যান্সের অন্য সেবার লিংক যুক্ত করে বিজ্ঞাপন চালাতে পারবেন না।
মেটার যুক্তি, নিজেদের প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারীদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের অ্যাপে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তৈরি বিজ্ঞাপন প্রচারের বাধ্যবাধকতা তাদের নেই। প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রচারণামূলক সেবা সীমিত রাখাকে বিভিন্ন শিল্প খাতের প্রচলিত ব্যবসায়িক চর্চা হিসেবেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
একই সঙ্গে পণ্যের গুণগত মান ও ব্যবহারকারীদের অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মেটা।
এ সিদ্ধান্তের বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও টিকটক ও বাইটড্যান্স তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
টিকটকের নিজস্ব নীতিমালাতেও অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ চালু করা কিংবা ব্যবহারকারীদের সরাসরি সেখানে লগইন করানোর মতো লিংক সমর্থন করা হয় না। তবে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলে অন্য প্ল্যাটফর্মের ওয়েবসাইটের লিংক যুক্ত করতে পারেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিতর্ক ও আইনি কার্যক্রমও চলছে।
গত আগস্টে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের সঙ্গে শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাবসংক্রান্ত মামলায় সমঝোতায় পৌঁছায় মেটা। ওই সমঝোতার আওতায় প্রতিষ্ঠানটির সর্বোচ্চ ১৮ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধের বিষয় রয়েছে।
সমঝোতার অংশ হিসেবে আগস্টে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী শিশু-কিশোরদের জন্য দৈনিক ব্যবহারের সময়সীমা নির্ধারণ, রাতের ব্যবহার সীমিত করা এবং বয়স অনুযায়ী অনুপযুক্ত কনটেন্টে প্রবেশ ঠেকাতে ব্যবস্থা জোরদার করার বিষয়ে সম্মত হয় মেটা।
অন্যদিকে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সঙ্গে সমঝোতায় পৌঁছায় টিকটক। শিশুদের নিরাপত্তা ঝুঁকি ও ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগ নিষ্পত্তির ওই সমঝোতা অনুযায়ী, প্ল্যাটফর্মটিকে ব্যবহারকারীদের সময়সীমা নির্ধারণ এবং বয়স যাচাইয়ের ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।
শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে মেটার প্রচারাভিযানের বিষয়ে টিকটক প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রে বর্তমানে টিকটকের ব্যবহারকারী ২০ কোটির বেশি। দেশটিতে ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে সম্পাদিত একটি চুক্তির পর টিকটক সংখ্যাগরিষ্ঠ মার্কিন মালিকানাধীন যৌথ উদ্যোগ হিসেবে পরিচালিত হচ্ছে।
মেটার নতুন বিজ্ঞাপন নিষেধাজ্ঞার খবর বৃহস্পতিবার প্রথম প্রকাশ করে ব্লুমবার্গ নিউজ। পরে রয়টার্স মেটার মুখপাত্রের বক্তব্যসহ বিস্তারিত তথ্য প্রকাশ করে।
সূত্র : রয়টার্স
মন্তব্যসমূহ