ভারতের দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভের নতুন তারিখ নির্ধারণে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই সময়ের মধ্যে পুলিশ কোনো সিদ্ধান্ত না জানালে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে দলটি।
সোমবার (১২ অক্টোবর) সিজেপির সহ-সমন্বয়ক আশুতোষ রানকা ও সৌরভ দাস পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে বিক্ষোভের নতুন তারিখ নির্ধারণের দাবি জানান।
রানকা বলেন, যন্তর মন্তরই বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান। সেখানে কবে কর্মসূচি পালন করা যাবে, পুলিশকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা জানাতে হবে। অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে ১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। পুলিশের ভাষ্য, স্বল্প সময়ের নোটিশ, আগের কর্মসূচিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এবং জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে অনুমতি দেওয়া হয়নি।
পুলিশ জানায়, প্রস্তাবিত বিক্ষোভের বিষয়ে তাদের ৭ অক্টোবর জানানো হয়েছিল। অর্থাৎ কর্মসূচির মাত্র তিন দিন আগে আবেদন করা হয়। অথচ বিক্ষোভের জন্য অন্তত ১০ দিন আগে আবেদন করার নিয়ম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির চলমান আন্দোলনের অংশ হিসেবেই ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কার্যক্রমে কথিত অনিয়মের অভিযোগও তুলেছে সংগঠনটি।
এদিকে যন্তর মন্তরে আগের কর্মসূচিগুলোর প্রসঙ্গও তুলে ধরেছে দিল্লি পুলিশ। তাদের অভিযোগ, একটি বিক্ষোভ নির্ধারিত সময়ের পরও চলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল।
এখন নতুন বিক্ষোভের অনুমতি ও তারিখ নিয়ে পুলিশের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সিজেপি। ২৪ ঘণ্টার মধ্যে কোনো জবাব না এলে সংগঠনটি কী কর্মসূচি ঘোষণা করে, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্যসমূহ