প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-কানাডা সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি, কৃষি, জলবায়ু অর্থায়ন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি অব স্টেট হিসেবে রণদীপ সরাই ১১ থেকে ১৪ অক্টোবর বাংলাদেশ সফর করছেন।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন ও দারিদ্র্য বিমোচনের বিষয়ও উঠে আসে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ কানাডার সহযোগিতা প্রত্যাশা করে। বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, এই সংকটের স্থায়ী সমাধান হলো নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন।
রোহিঙ্গাদের শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে একমত পোষণ করেন কানাডার প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশে জ্বালানি সরবরাহে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে কানাডা। বিশেষ করে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি খাতে সহযোগিতার সম্ভাবনার কথা জানানো হয়।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ খাতেও সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা এবং দক্ষ নার্স তৈরির বিষয়েও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
কৃষি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। ডাল ও তৈলবীজ উৎপাদন, সরবরাহব্যবস্থা এবং কৃষকদের সহায়তায় সরকারের প্রস্তাবিত কৃষক কার্ড কর্মসূচি নিয়েও আলোচনা করেন দুই পক্ষ।
এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, খাল খনন এবং ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মতো বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। কানাডার প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়নে ১ হাজার ৩০০ কোটি কানাডীয় ডলার দেওয়ার আগ্রহ রয়েছে তাঁর দেশের। এ অর্থায়ন থেকে বাংলাদেশ উপকৃত হওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার ক্ষেত্রেও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে কানাডা।
বৈঠকে কানাডায় বসবাসরত বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূতদের প্রশংসা করেন রণদীপ সরাই। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে কানাডা সফরের আমন্ত্রণ জানান।
মন্তব্যসমূহ