ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশ নিতে আগ্রহী গ্র্যাজুয়েটরা আগামী ১ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে যেসব শিক্ষার্থীর স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে, তারা এবারের সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন।
সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের সমাবর্তনে মূল বক্তা হিসেবে অংশ নেবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ‘ডক্টর অব ল’জ’ ডিগ্রি প্রদান করা হবে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাবর্তনের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় সমাবর্তনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। পাশাপাশি আয়োজনের বিভিন্ন দায়িত্ব পরিচালনার জন্য একাধিক উপকমিটিও গঠিত হয়েছে।
প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সিনেট সদস্য মো. আমানউল্লাহ আমান এমপি, খায়রুল কবির খোকন এমপি ও এ কে এম ফজলুল হক মিলন এমপি।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গঠিত উপকমিটিগুলোকে দ্রুত কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখা এবং আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্যসমূহ