বিশ্ববিদ্যালয়কে শুধু সনদ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধ না রেখে দক্ষতা, গবেষণা ও উৎকর্ষের কেন্দ্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, যুগের চাহিদা অনুযায়ী দেশের প্রকৌশল শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কাউন্সিলের ২৩তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী।
শিক্ষামন্ত্রী জানান, দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
তাঁর মতে, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না। শিক্ষার্থীদের এমন দক্ষতা অর্জন করতে হবে, যা কর্মক্ষেত্র ও দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রকৌশল শিক্ষার মানোন্নয়নের বিষয়ে তিনি বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠদান ও গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ করতে হবে। আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশকে বিদেশি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে দেশীয় শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়াশোনা করতে আগ্রহী হন।
বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে এগিয়ে থাকতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বিগ ডাটা এবং রোবটিক্সের মতো বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।
এসব ক্ষেত্রে জ্ঞান অর্জনের পাশাপাশি গবেষণা কার্যক্রম বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আধুনিক প্রকৌশল শিক্ষার প্রসারে এমআইএসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
কাউন্সিলের সভা শেষে এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।














মন্তব্যসমূহ