ময়মনসিংহে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় এ তিনজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬৫ বছর বয়সী হারিছা বেগম। তিনি ৮ অক্টোবর ভোরে হাসপাতালে ভর্তি হওয়ার কিছু সময় পর সকালে মারা যান। দ্বিতীয়জন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা ৪৫ বছর বয়সী মিনহাজ; গত ৭ অক্টোবর বিকালে হাসপাতালে ভর্তির পর ৮ অক্টোবর বিকালে আইসিইউতে তাঁর মৃত্যু হয়। তৃতীয়জন টাঙ্গাইলের ধনবাড়ী থেকে আসা ৪৫ বছর বয়সী মরিয়ম; ৮ অক্টোবর সকালে ভর্তি হয়ে রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গুর পাশাপাশি তাদের শরীরে অন্যান্য দীর্ঘমেয়াদি ও জটিল শারীরিক সমস্যাও ছিল।
এদিকে হাসপাতালটিতে প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ইউনিটে মোট ১২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত শুধু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই মোট ৩ হাজার ৫১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং এডিস মশার বিস্তার রোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জোর তাগিদ দিয়েছেন।
মন্তব্যসমূহ