যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক আগ্রাসন ও বৈরী তৎপরতা মোকাবিলায় ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত বলিষ্ঠ এবং তারা দেশের সার্বিক নিরাপত্তার অন্যতম মূল স্তম্ভ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। জাতীয় ‘আইনশৃঙ্খলা রক্ষা সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি বাহিনীর সদস্যদের সাহসিকতা, নিষ্ঠা ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বার্তা সংস্থা মেহের এ তথ্য প্রকাশ করেছে।
বার্তায় মোজতবা খামেনি উল্লেখ করেন, যেকোনো জাতির জন্য নিরাপত্তা মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। প্রতিকূল আবহাওয়া, পাহাড়ি ও সামুদ্রিক জলসীমা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত সীমান্ত এবং সমতল জনপদ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক প্রহরার ফলেই আজ ইরানজুড়ে এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। উচ্চপদস্থ কমান্ড পর্যায় থেকে শুরু করে তৃণমূলের থানা ও ফাঁড়ি পর্যন্ত বাহিনীর প্রতিটি স্তরের কার্যকর ভূমিকার কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশি-বিদেশি সংকট ও সংঘাত সাফল্যের সঙ্গে সামাল দেওয়া গেছে।
তিনি আরও বলেন, চাপিয়ে দেওয়া বিভিন্ন যুদ্ধ ও সংঘাতের সময় এই বাহিনীর প্রতিরোধ সক্ষমতা স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। মার্কিন-জায়নবাদী শত্রুপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃত্ব থেকে শুরু করে সম্মুখসারির ইউনিটগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে অস্থিতিশীলতা তৈরির বহু অপচেষ্টা চালিয়েছে। শত্রুদের এই নজিরবিহীন বিদ্বেষপূর্ণ মনোযোগই প্রমাণ করে দেশের সার্বভৌমত্ব ও শৃঙ্খলা রক্ষায় এ বাহিনীর গুরুত্ব কতটা অপরিসীম। নানামুখী আঘাত ও চক্রান্ত সত্ত্বেও বাহিনীর সাহসী সদস্যরা নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনে বিন্দুমাত্র বিচ্যুত হননি বলে দৃঢ়তার সঙ্গে তুলে ধরেন তিনি।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
মন্তব্যসমূহ