মাঠের লড়াইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের বন্ধুত্ব সব সীমানা ছাড়িয়ে অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছে। জাতীয় দলের জার্সিতে মেসির বিদায়ী ম্যাচের প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তার মাধ্যমে বন্ধুকে সম্মান ও কৃতজ্ঞতা জানালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সঙ্গে কাটানো বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি পোস্ট করে নেইমার লেখেন, যারা সত্যিকার অর্থে ফুটবল ভালোবাসে, তারা দীর্ঘ সময় ধরে মেসির জাদুকরি খেলা উপভোগ করেছে। দেশের জার্সিতে শেষ ম্যাচে মেসি যে ভালোবাসা ও সম্মান পাবেন, তা যেন তার হৃদয় পূর্ণ করে দেয়। মেসিকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও উল্লেখ করেন, ফুটবলের প্রতি তার অবদানের জন্য শুধু আর্জেন্টিনা নয়, বরং পুরো বিশ্ব আজ তার প্রতি চিরকৃতজ্ঞ। মেসির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা যেমন সম্মানের ছিল, তেমনি তার পাশে খেলে ইতিহাস রচনা করা ছিল ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি।
Neymar Jr (@neymarjr) -এর দ্বারা একটি পোস্ট শেয়ার করা হয়েছে
ক্লাব ফুটবলে বার্সেলোনায় ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত চার বছর একসঙ্গে মাঠ মাতিয়েছিলেন মেসি ও নেইমার। লুইস সুয়ারেজসহ তাদের গড়া ঐতিহাসিক ‘এমএসএন’ ত্রয়ী ২০১৫ সালে বার্সাকে এনে দিয়েছিল স্মরণীয় চ্যাম্পিয়নস লিগ ট্রফি। পরবর্তীতে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ফরাসি ক্লাব পিএসজিতেও তারা কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। আন্তর্জাতিক ফুটবলে প্রতিদ্বন্দ্বী হিসেবে ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে নিজ দেশ হারার পরও মারাকানার মাঠে মেসিকে জড়িয়ে ধরে নেইমারের দেওয়া সেই আলিঙ্গন ক্রীড়াঙ্গনে আজও অমর হয়ে আছে।
মন্তব্যসমূহ