বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দরপত্রে গোপনীয় দর ফাঁস এবং সিন্ডিকেটের মাধ্যমে সরকারের প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে অভিযানের সময় এনসিটিবি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্য তালিকা এবং ৪২৩তম বোর্ড সভার কার্যবিবরণী।
অভিযোগে বলা হয়েছে, বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দরপত্র প্রক্রিয়ায় গোপনীয় দর ফাঁস করা হয়েছে। পাশাপাশি একটি সিন্ডিকেটের মাধ্যমে কাজ পরিচালনার কারণে সরকারের প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযানের মাধ্যমে এসব অভিযোগের সত্যতা এবং সম্ভাব্য অনিয়মের ধরন যাচাই করছে দুদকের এনফোর্সমেন্ট টিম।
দুদকের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, এনসিটিবি থেকে সংগ্রহ করা নথিপত্র বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে অভিযোগের বিষয়ে কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে এনফোর্সমেন্ট টিম।
মন্তব্যসমূহ