রাজধানীতে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে সরকার। অটোরিকশার কারণে ঢাকা স্বাভাবিক গতি হারিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে অটোরিকশা ক্রস করে ফেলেছে। তবে ব্যাটারিচালিত রিকশার নীতিমালার আলোকে প্রধান সড়কে চলাচল নিয়ন্ত্রন করতে হবে। তারাও এ পেশায় দীর্ঘদিন ধরে যুক্ত রয়েচে। ডেফিনেটলি তাদেরও কষ্ট হবে। কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের সবাইকে এই অব্যাবস্থাপনার উত্তরণ ঘটাতে হবে।’
তিনি জানান, রাজধানীতে অটোরিকশার যত্রতত্র ও নিয়ন্ত্রণহীন চলাচল একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তবে এ উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে কাউকে ক্ষতিগ্রস্ত না করার বিষয়টিও বিবেচনায় রাখা হবে।
শেখ রবিউল আলম বলেন, ‘তবে কাউকে ক্ষতিগ্রস্ত না করে, কোন গোষ্ঠীর স্বার্থে ঢাকা সিটিকে অকেজো হতে দেওয়া হবে না।’
ধানমন্ডি লেকের পুনঃখনন ও সংস্কার প্রসঙ্গে মন্ত্রী জানান, কাজ শেষ হলে সেখানে আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। পরিবেশের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন।
একই সঙ্গে লেকে ময়লা না ফেলা এবং রাজধানী পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকার জলাবদ্ধতাকেও বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন সড়ক পরিবহন মন্ত্রী। তিনি জানান, বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩৫০ কোটি টাকা নেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ