রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ দাবি জানান।
তিনি বলেন, ৪ অক্টোবর দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের চার সাংবাদিক আহত হন। হামলার ঘটনাটি একাধিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
আহত সাংবাদিকরা হলেন আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু। তাদের দ্রুত সুস্থতা কামনা করেন জামায়াতের এই নেতা।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলার শিকার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে হামলায় জড়িতদের ছবি থাকার পরও তাদের গ্রেপ্তার বা আইনের আওতায় না আনার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মুক্ত সাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে হামলাকারী যে-ই হোক, তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি সতর্ক করে বলেন, এর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর বর্তাবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সোমবার হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্যসমূহ