জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি এবং আরও দুজনকে হত্যার অভিযোগে করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই মামলায় রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন বিচারিক প্যানেল।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ রায় দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান। এ ছাড়া রামপুরা থানার সাবেক উপপরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিন বেলা ১১টা ৪৮ মিনিটে রায় পড়া শুরু হয়। রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের অনুমতি চান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। পরে ট্রাইব্যুনালের অনুমতিতে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়।
রায়ের শুরুতে আসামিদের দায় পড়ে শোনান ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। এরপর অভিযোগ পড়ে শোনান বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। পরে রায় ঘোষণা করেন বিচারপতি শফিউল আলম মাহমুদ।
এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে এজলাসে হাজির করা হয়। মামলার বাকি চার আসামি পলাতক রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় সংঘর্ষের সময় পুলিশি অভিযানের মুখে আমির হোসেন একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন। পরে তাকে নিচে নামতে বাধ্য করা হয়। কার্নিশের রড ধরে ঝুলে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি করা হয়, এতে তার দুই পায়ে গুলি লাগে।
একই দিনের ঘটনায় রামপুরার বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন বলে মামলায় অভিযোগ করা হয়।
মন্তব্যসমূহ