প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান কিছু চ্যালেঞ্জ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বাংলাদেশ ইতিবাচক।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। সফর ঘিরে বিভিন্ন আলোচনা ও গুঞ্জন থাকলেও সরকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কাজ করছে।
তিনি বলেন, সফরের জন্য উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরি হলে সুবিধাজনক সময়ে এটি অনুষ্ঠিত হতে পারে। দুই দেশের মধ্যে যেসব বিষয় এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়েছে, সেগুলো পারস্পরিক শ্রদ্ধা ও আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অনুকূল পরিবেশ তৈরি হলে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি নির্ধারণ করা হবে।
দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, নতুন দায়িত্ব নেওয়ার পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে দুই পক্ষের মধ্যে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
ভারতীয় হাইকমিশনারও মঙ্গলবার সাংবাদিকদের জানান, তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। দুই দেশের সরকারপ্রধানের জন্য সুবিধাজনক সময়ে সফরটি অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
মন্তব্যসমূহ