শহীদ আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তার বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে তিনি আবু সাঈদের পরিবারের কাছে গেছেন। শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের আওতায় বাড়িতে নতুন ঘর নির্মাণ, তার বাবা-মায়ের বসবাসের ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য প্রাথমিকভাবে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, তার আত্মত্যাগ দেশের তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার আত্মত্যাগ যে আন্দোলনকে আরও বেগবান করেছিল, তাতে দেশের বিপুলসংখ্যক মানুষ রাজপথে নেমে এসেছিলেন।
উত্তরাঞ্চলের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে মীর শাহে আলম বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, স্বাস্থ্য কার্ড, খাল খনন, কর্মসংস্থান সৃষ্টি এবং খেলাধুলার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ প্রসঙ্গে তিনি জানান, এক কোটি টাকার উন্নয়নকাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য প্রয়োজনীয় নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসককে।
এ ছাড়া আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে রংপুর স্টেডিয়ামের নাম তার নামে করার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রংপুর জেলা স্টেডিয়ামের নাম ইতোমধ্যে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ