শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর পল্লবী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত ‘শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হচ্ছে। এসব কেন্দ্রের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। পাশাপাশি প্রতিটি এলাকায় শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
আমিনুল হক আরও বলেন, শুধু উচ্চশিক্ষার সনদ অর্জন যথেষ্ট নয়; শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জন করতে হবে। সে লক্ষ্যেই বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের দক্ষ করে তোলা হচ্ছে এবং পর্যায়ক্রমে আরও বেশি তরুণকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যক্তি সব সময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যাতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, কলেজ শুধু সরকারের নয়, এটি এলাকার সবার প্রতিষ্ঠান। তাই কলেজের উন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষার মানোন্নয়নে স্থানীয় জনগণ, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ইছাহাক (শিপন) এবং গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট আলী আশরাফ লিটন।
মন্তব্যসমূহ