প্রিয়জনের জন্মদিন বা বিশেষ দিন মনে রাখতে অনেকেই হিমশিম খান। গুরুত্বপূর্ণ তারিখ ভুলে যাওয়ার কারণে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়। এই সমস্যা সহজ করতে নতুন একটি জন্মদিনের রিমাইন্ডার ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, আইওএস ব্যবহারকারীদের জন্য ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপে সংরক্ষিত কোনো কন্টাক্টের জন্মদিনের তারিখ থাকলে নির্দিষ্ট দিনে ব্যবহারকারীকে নোটিফিকেশনের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। ফলে আলাদা করে তারিখ মনে রাখার প্রয়োজন হবে না।
নোটিফিকেশন পাওয়ার পর ব্যবহারকারী চাইলে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির চ্যাটে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন। এতে গুরুত্বপূর্ণ দিনগুলোতে সময়মতো শুভেচ্ছা জানানোর সুযোগ তৈরি হবে।
জন্মদিনের দিন হোয়াটসঅ্যাপের কন্টাক্টস ট্যাবেও সংশ্লিষ্ট ব্যক্তির নামের পাশে কেকের ইমোজি এবং ‘বার্থডে’ লেবেল দেখা যাবে বলে জানা গেছে।
তবে এই সুবিধা পেতে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপে নিজের জন্মতারিখ যুক্ত করতে হবে। অর্থাৎ কেউ তার জন্মতারিখ অ্যাপে না দিলে অন্য ব্যবহারকারীরা তার জন্মদিনের রিমাইন্ডার পাবেন না।
বর্তমানে ফিচারটি বেটা পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং সব পরীক্ষামূলক ব্যবহারকারীর জন্যও এটি উন্মুক্ত করা হয়নি। ফলে সাধারণ ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি জানা যায়নি।
চূড়ান্ত সংস্করণ প্রকাশের আগে ফিচারটির বিভিন্ন দিক পরিবর্তন বা নতুন সুবিধা যুক্ত হতে পারে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে এটি সবার জন্য চালু করা হতে পারে।
মন্তব্যসমূহ