ভারতের নাগাল্যান্ডে সন্দেহভাজন বিষাক্ত বা ভেজাল মদ পান করে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মদের উৎস ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সন্দেহভাজন অবৈধ মদ পান করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নাগাল্যান্ড পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট ভেসুপ্রা কেজো জানান, অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে তদন্ত দলটি কাজ করবে। মৃত্যুর কারণ অনুসন্ধানের পাশাপাশি অবৈধ মদের উৎস এবং এর সরবরাহ নেটওয়ার্ক শনাক্ত করাও তদন্ত দলের অন্যতম দায়িত্ব।
মদে বিষাক্ত কোনো উপাদান ছিল কি না, তা নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে কিছু সূত্র পাওয়া গেলেও সেগুলো সম্পর্কে বিস্তারিত এখনই প্রকাশ করা হচ্ছে না।
ঘটনার পর অবৈধ মদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এসব অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে নাগাল্যান্ডে মদ নিষিদ্ধ আইন কার্যকর রয়েছে।
পুলিশ স্থানীয় বাসিন্দাদের অজ্ঞাত, লেবেলবিহীন বা সন্দেহজনক উৎসের মদ পান না করার পরামর্শ দিয়েছে। এ ধরনের মদ পানের পর মাথা ঘোরা, ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা অচেতন হয়ে পড়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্যসমূহ