টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে ঘোষণা করেছেন নগরীর গভর্নর চাদচার্ট সিথিপুন্ট। আবহাওয়া দপ্তর সপ্তাহান্তজুড়ে বজ্রপাতসহ আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।
গত ৪৮ ঘণ্টায় ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির কারণে শহরের বিভিন্ন প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও যানবাহনের অর্ধেক পর্যন্ত পানিতে ডুবে থাকতে দেখা গেছে। অনেক বাসিন্দাকে কোমরসমান পানি পেরিয়ে চলাচল করতে হচ্ছে।
ব্যাংককের গভর্নর জানিয়েছেন, অতিবৃষ্টিজনিত বন্যা জনজীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে। পাশাপাশি শহরের সরকারি ও বেসরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। বিশেষ করে খালসংলগ্ন এলাকাগুলোতে বন্যার পরিস্থিতি বেশি ভয়াবহ হয়ে উঠেছে।
পরিস্থিতি মোকাবিলায় থাই সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র ও ভ্রাম্যমাণ রান্নাঘর স্থাপন করা হচ্ছে। অন্যদিকে ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন স্থানীয় স্কুলগুলোকে প্রয়োজনে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছে।
বন্যার কারণে বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে খালসংলগ্ন এলাকায় বসবাসকারীদের বাড়ির প্রয়োজনীয় মালামাল ও আসবাবপত্র নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নিতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
বন্যার আশঙ্কায় শহরের বিভিন্ন সুপারমার্কেটেও মানুষের ভিড় বেড়েছে। অনেকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে রাখার চেষ্টা করছেন।
বন্যাকবলিত একটি এলাকার ১৯ বছর বয়সী বাসিন্দা সানসুক লাওওয়াচ্চারাকুল জানান, আগে থেকে খাবার মজুত না থাকায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পরিবার থেকে দূরে একা থাকার কারণে পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ আরও বেড়েছে।
এদিকে বন্যার পানি বাড়তে থাকায় একটি কনডমিনিয়াম থেকে পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে আসা সুপ্পাকার্ন জুলাভিজিতফং জানান, সরকারি সতর্কবার্তার আগে পরিস্থিতির গুরুত্ব তিনি বুঝতে পারেননি। ফলে হঠাৎ করেই তাদের স্থান পরিবর্তনের প্রয়োজন হয়ে পড়ে।
তবে বন্যার কারণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যেও ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সুবর্ণভূমিতে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। যাত্রীদের যানজট ও সড়কের দুরবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
থাইল্যান্ডে এর আগেও ভয়াবহ বন্যার ঘটনা ঘটেছে। গত নভেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশে ব্যাপক বন্যায় প্রাণহানি ও ঘরবাড়ির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই পরিস্থিতির পর এবার রাজধানী ব্যাংককে নতুন করে বন্যার ভয়াবহতা দেখা দিয়েছে।
মন্তব্যসমূহ