জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এর আগে তিনি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুসারে ড. মো. নূরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। তবে দুটি সময়ের মধ্যে যেটি আগে শেষ হবে, সেটিই তার মেয়াদের শেষ সময় হিসেবে গণ্য হবে।
নতুন দায়িত্বে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ও অন্যান্য ভাতা পাবেন। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী উপাচার্য পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও তিনি ভোগ করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে ড. মো. নূরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এ ছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ নিয়োগসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মন্তব্যসমূহ