চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার তুলাতলী বাজারে কাঁচাপাকা দোকানবিশিষ্ট আলী মার্কেটে আজ শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে একাধিক কাপড়ের দোকান পুড়ে গেছে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাঁদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আজ দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লামারবাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর বেলা ২টা ৪৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপসহকারী পরিচালক শাহ ইমরান বলেন, ‘আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে পরে জানানো হবে।’
স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে মার্কেটে এসে তাঁরা দোকানগুলো পুড়তে দেখেন। আগুনের ধোঁয়ায় ঘটনাস্থলের আশপাশের ভবন ও অন্যান্য মার্কেট ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
শুক্রবার ছুটির দিন হওয়ায় মার্কেট বন্ধ ছিল। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।