ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন মাটিলা, যাদবপুর ও নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক এসব অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, ভোর ৫টার দিকে মাটিলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৫২/১২-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে শ্মশানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই এলাকায় আরেকটি চোরাচালানবিরোধী অভিযানে ৯৯০ পিস ভারতীয় ওষুধ জব্দ করে বিজিবি।
পরে সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে যাদবপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৪৭/৭-এস সংলগ্ন গোপালপুর এলাকায় অভিযান চালান। একটি ঘাসখেতের পাশ থেকে ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া সকাল ১০টা ৪৫ মিনিটে নতুনপাড়া বিওপির একটি দল সীমান্ত পিলার ৬৫/৪-এস সংলগ্ন নতুনপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে ২১০ বোতল ভারতীয় সিরাপ জব্দ করে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।