ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে এসব দেশ থেকে আগত যাত্রীদের জন্য নতুন ভিসা ইস্যু এবং সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধু সরাসরি ওই তিন দেশ থেকে আগত যাত্রীদের জন্য নয়। যারা অন্য কোনো দেশ হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করবেন, তারাও একই নিয়মের আওতায় পড়বেন। সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে কেউ যদি কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করে থাকেন, তাহলে তার ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এ ছাড়া সৌদি সরকার দেশটির নাগরিকদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই তিন দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘ওয়াকায়া’ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্ত পেরিয়ে সংক্রামক রোগের বিস্তার ঠেকানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং জরুরি সাড়া দেওয়ার ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল আক্রান্ত দেশ নয়, প্রতিবেশী রাষ্ট্র রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্র (ব্রাজাভিল) থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও অতিরিক্ত স্বাস্থ্য সতর্কতা অনুসরণ করা হচ্ছে।
সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দেশটির জনস্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত ইবোলা ভাইরাসে আক্রান্ত কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি। আন্তর্জাতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুত রয়েছে।
মন্তব্যসমূহ