সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আলী আফজালের করা রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় এক চিঠির মাধ্যমে আলী আফজালের রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত জানায়।
মন্ত্রণালয়ের চিঠিতে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনের তথ্য উল্লেখ করা হয়। এতে আলী আফজালকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ করে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ২৩(১)(খ) ধারার আওতায় তার সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়েছিল।
মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তের পর ১৫ সেপ্টেম্বর তা স্থগিত চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেন আলী আফজাল। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করেন তিনি।
রিটের শুনানিতে আলী আফজালের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির আদালতে বক্তব্য উপস্থাপন করেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।
শিশির মনির জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে ১৫ সেপ্টেম্বর করা আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ওই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আলী আফজালের রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত কার্যকর হবে না বলে আদালতের আদেশে জানানো হয়েছে।