গাজীপুরের কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে চার শতাধিক শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেন।
নগরীর কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় এ কর্মসূচি পালিত হয়। একপর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গত দুই মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। দীর্ঘদিন বেতন না পাওয়ায় বাসাভাড়া, খাবার ও পরিবারের দৈনন্দিন ব্যয় মেটাতে সমস্যায় পড়েছেন তারা।
জুলেখা নামে কারখানাটির এক শ্রমিক জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারের ব্যয় মেটানো এমনিতেই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে দুই মাস কাজ করার পরও বেতন না পাওয়ায় পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়েছেন তিনি।
আরেক শ্রমিক আজিমুল ইসলাম দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। দাবি পূরণ না হলে শ্রমিকরা আরও কঠোর কর্মসূচিতে যেতে পারেন বলে জানান তিনি।
শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করেন।
দুপুর ২টার দিকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে শ্রমিকদের একটি অংশ তখনো কারখানার আশপাশে অবস্থান করছিলেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানিয়েছেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পুলিশ যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।