ব্যাংক কর্মকর্তা তানজিম তৈয়বের সঙ্গে দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। বিশেষ এই দিনে স্বামী ও শ্বশুরবাড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিজের অতীতের কঠিন সময়, ভুল সিদ্ধান্ত ও মানসিক লড়াইয়ের কথাও তুলে ধরেছেন তিনি।
বিবাহবার্ষিকীর প্রথম প্রহর ঘরোয়াভাবেই উদযাপন করেন ফারিয়া ও তানজিম। কেক কেটে বিশেষ মুহূর্তটি উদযাপনের পর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের জানান তাদের দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ হওয়ার খবর।
জীবনের নতুন অধ্যায়কে নিজের জন্য বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন ফারিয়া। স্বামী তানজিম ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘আল্লাহ তার সৃষ্টিকে খুব বেশিদিন কষ্টে রাখেন না। তিনি আমাকেও এত বছরের কষ্ট সহ্য করার উপহারস্বরূপ এই ভদ্রলোককে আমার জীবনে পাঠিয়েছেন। তার চেয়েও বড় উপহার আমাকে চমৎকার একটা পরিবারের অংশ করেছেন, যেখানে আমি আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে সব শেয়ার করতে পারি। ননদের সঙ্গে তার ভাইকে নিয়ে হাসাহাসি করতে পারি। আলহামদুলিল্লাহ।’
আনন্দের এই দিনে নিজের অতীত নিয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। জীবনের কিছু সিদ্ধান্তকে শুধুই ভুল হিসেবে দেখছেন না তিনি; বরং সেসব সিদ্ধান্তের কারণে নিজের প্রতিই অন্যায় হয়েছে বলে মনে করেন।
ফারিয়া লিখেছেন, ‘প্রত্যেকটা মানুষের মতো আমিও জীবনে আমি অনেক ভুল করেছি, কিন্তু আমার কিছু ভুল শুধু শুধু ভুল বললে হবে না, লিটরালি নিজের সঙ্গে নিজে অন্যায় করেছি, সামাজিকতা রক্ষায় নিজ চরিত্রের বাইরে গিয়ে অন্যায় সহ্য করেছি, পচা শামুকে পা কেটে এমন দাগ ফেলেছি যে প্লাস্টিক সার্জারি করেও সে দাগ তোলা যাবে না।’
সেই কঠিন সময় কাটিয়ে উঠতে তাকে দীর্ঘ মানসিক লড়াইয়ের মধ্য দিয়েও যেতে হয়েছে। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন, আবার নিজের ভেতরের জমে থাকা কষ্ট কাটিয়ে উঠতে পেশাদার সহায়তাও নিয়েছেন।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সহ্য না করতে পারলে সোশ্যাল মিডিয়ায় এসে কখনো কখনো রাগ ঝেড়েছি, নিজের এবং অন্যের ওপর জমা এই জেদ সরাতে কাউন্সেলিং, থেরাপি কিছুই বাদ দিইনি। জীবন থেকে বেশ কিছু বছর চলে গেছে ভেতরে সেই জমা আর্তনাদ থেকে পালাতে।’
আবেগঘন পোস্টের শেষটা অবশ্য হাস্যরসেই করেছেন ফারিয়া। স্বামী তানজিমকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংসারের ছোটখাটো অভ্যাস নিয়ে দিয়েছেন মজার বার্তা।
তানজিমকে উদ্দেশ করে তিনি লিখেছেন, “হ্যাপি অ্যানিভার্সারি তানজিম। সামনের বছরের তোমার প্রতিপাদ্য বিষয়—‘রুম থেকে বের হলে লাইট/ফ্যান/এসি অফ করতে হয়’ আর ‘ফ্রিজ থেকে পানি বের করলে ফ্রিজের দরজা বন্ধ করতে হয়’।”
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর তানজিম তৈয়বকে বিয়ে করেন শবনম ফারিয়া। তানজিম অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে ফিন্যানশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত তিনি।
এর আগে হারুনুর রশীদ অপুর সঙ্গে সংসার করেছিলেন শবনম ফারিয়া। ২০২০ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। এরপর প্রায় পাঁচ বছর পর তানজিমের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন অভিনেত্রী।