ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক তৎপরতা জোরদার করেছে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের পশ্চিম অংশসহ একাধিক ফ্রন্টে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ইয়েমেনের সেনাবাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় তাইজের আল-ওয়াজিয়াহ এলাকায় স্থলযুদ্ধ ও বিমান হামলায় অন্তত ৩০ হুথি যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি।
দেশটির সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টারের তথ্য অনুযায়ী, আল-ওয়াজিয়াহ জেলার বিভিন্ন ফ্রন্টে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে ব্যাপক লড়াই হয়েছে। সংঘর্ষের পাশাপাশি হুথিদের বিভিন্ন সামরিক অবস্থান ও যানবাহন লক্ষ্য করে বিমান হামলাও চালানো হয়।
সরকারি বাহিনী জানিয়েছে, তাইজের পাশাপাশি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা এলাকায় হুথিদের সামরিক অবস্থান ও সরবরাহপথ লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
এদিকে সাম্প্রতিক ২৪ ঘণ্টার সংঘাতে উভয় পক্ষ মিলিয়ে অন্তত ৬৮ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সরকারি এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৩ সরকারি সেনা নিহত হয়েছেন।
অন্যদিকে হুথি-সংশ্লিষ্ট সামরিক সূত্রের দাবি, সৌদি বিমান হামলা ও স্থলযুদ্ধে তাদের অন্তত ৪০ যোদ্ধা নিহত হয়েছেন। সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে এর মেয়াদ শেষ হলেও বেশ কিছু এলাকায় বড় ধরনের সংঘর্ষ তুলনামূলকভাবে কমে আসে। তবে সাম্প্রতিক উত্তেজনায় বিভিন্ন ফ্রন্টে আবারও সহিংসতা বেড়েছে।
বিশেষ করে তাইজ অঞ্চল নতুন করে সংঘাতের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। সরকারি বাহিনী ও হুথি যোদ্ধারা সেখানে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
এর মধ্যেই সৌদি আরব অভিযোগ করেছে, চলতি সপ্তাহে হুথিরা মক্কা নগরী লক্ষ্য করে হামলার চেষ্টা করেছে। এই অভিযোগ এবং ইয়েমেনে নতুন করে তীব্র লড়াই দীর্ঘদিনের সংঘাতকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে।
তথ্যসূত্র: সামা টিভি