ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের জেরে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে একটি কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার জ্বালানি কিনতে থাকা ভারত, চীনসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের অতিরিক্ত ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি বুধবার প্রতিনিধি পরিষদে ২৬২-১৫৯ ভোটে পাস হয়। এর আগে সিনেটেও ৮৬-১১ ভোটে বিলটি অনুমোদন পেয়েছিল। এখন এটি প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের অপেক্ষায় রয়েছে।
বিলটির লক্ষ্য রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতের ওপর চাপ বাড়ানো এবং নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া তেলবাহী বহরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে রুশ জ্বালানির ওপর নির্ভরশীল দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে।
প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বিলটির অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। তিনি ২০২৬ সালের ১১ জুলাই মারা যান। পরে তার বোন ডার্লিন গ্রাহাম নর্ডোনকে সাউথ ক্যারোলিনার শূন্য সিনেট আসনে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়।
প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে অধিকাংশ রিপাবলিকানের সঙ্গে ৫৮ জন ডেমোক্র্যাটও ভোট দেন। তবে ডেমোক্র্যাটদের একটি বড় অংশের আশঙ্কা, এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প মিত্র দেশগুলোর ওপরও নতুন শুল্ক আরোপের বিস্তৃত ক্ষমতা পেতে পারেন। তাদের আরেকটি আপত্তি হলো, প্রেসিডেন্ট জাতীয় স্বার্থের কথা বলে কিছু নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়ার সুযোগও পাবেন।
বিলটির সমর্থকেরা বলছেন, এটি রাশিয়ার যুদ্ধ পরিচালনার অর্থনৈতিক সক্ষমতা কমাতে এবং মস্কোকে আলোচনার টেবিলে আনতে সহায়ক হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বিলটি আইনে পরিণত করার পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
সূত্র: রয়টার্স