রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে তিন দালালকে আটক করেছে ঢাকা মহানগর আনসারের পশ্চিম জোনের সদস্যরা। আটককৃতদের নাম আবু বক্কর সিদ্দিক (৪৮), মাহমুদা খাতুন (৪০) ও মোছা. মনিকা (৩০)।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের ৬৩৭ নম্বর ওয়ার্ডের সামনে তাঁদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শেরেবাংলা নগর থানার আনসার ও ভিডিপি কর্মকর্তা মামুন-অর-রশিদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা হাসপাতালের বৈধ কর্মকর্তা বা কর্মচারী নন। তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অসহায় রোগীদের ঠকিয়ে প্রকৃত মূল্যের চেয়ে অধিক অর্থ আদায় এবং বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে।
অভিযানে মামুন-অর-রশিদকে সহযোগিতা করেন পিসি মো. সাদেক হোসেন বাচ্চু ও এপিসি মো. শফিকুল ইসলাম।