ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নবনিযুক্ত সভাপতি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ সোমবার হাসপাতাল পরিদর্শন করেছেন।
মির্জা আব্বাস বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবারের মতো তিনি ঢামেক হাসপাতালে যান।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, দায়িত্ব গ্রহণের পর এটি ছিল মির্জা আব্বাসের প্রথম হাসপাতাল পরিদর্শন। সফরটি মূলত সৌজন্যধর্মী হলেও এ সময় তিনি হাসপাতাল প্রশাসন ও চিকিৎসকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
পরে প্রশাসনিক ব্লকে হাসপাতালের পরিচালনা, সেবা কার্যক্রম ও অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।
পরিদর্শন শেষে তিনি হাসপাতাল থেকে ফিরে যান।
হাসপাতালের পরিচালক আরও জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিদেশে চিকিৎসা নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন মির্জা আব্বাস।
এর আগে গত ৩০ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়।