সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। সারা দেশে এই নির্বাচন একসঙ্গে না করে কয়েকটি ধাপে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
নির্বাচনের আগে স্থানীয় সরকার সংক্রান্ত আইনে কোনো পরিবর্তন আসবে কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নতুন কোনো আইন বা সংশোধনী কার্যকর না হলে বর্তমানে প্রচলিত আইন অনুসরণ করেই নির্বাচন আয়োজন করা হবে।
তিনি জানান, বিদ্যমান আইনের আওতায় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশনের সামনে বড় ধরনের কোনো আইনি প্রতিবন্ধকতা থাকার কথা নয়। ফলে নির্ধারিত সময় অনুযায়ী ভোটের প্রস্তুতি এগিয়ে নেওয়া সম্ভব হবে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই নতুন করে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।