সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। প্রায় সাড়ে চার দশক পর জিয়াউর রহমান হত্যা মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ থেকে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেন নামের এক আসামিকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রসিকিউটর জোহা।
তার ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জানিয়েছেন, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ একটি বিশেষ হেলিকপ্টারে চট্টগ্রামে যান। এর দুই দিন পর, ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালানো হয়। ওই হামলার সময় জিয়াউর রহমানকে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি করে হত্যা করেন বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
প্রসিকিউটর জানান, ঘটনার বিষয়ে আরও তথ্য ও সংশ্লিষ্টদের ভূমিকা জানতে মোজাফফর হোসেনকে সোমবার (১৪ সেপ্টেম্বর) আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।
১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাসদস্যের হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। দীর্ঘদিন ধরে আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার নিয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে।
এ মামলার তদন্তের অংশ হিসেবে গত ১৫ জুলাই রাজধানীর বনানী এলাকা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলাতেও তিনি গ্রেপ্তার রয়েছেন।
গত ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জিয়াউর রহমান হত্যা মামলাসহ সংশ্লিষ্ট বিষয়ে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এরপর থেকে তদন্ত সংস্থার হেফাজতে তাকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।