দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে।
রোববার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলার মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী।
ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু সার মজুত থাকলেই হবে না, কৃষকের কাছে প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ে তা পৌঁছে দেওয়াও নিশ্চিত করতে হবে। এ জন্য সার বিতরণ ব্যবস্থায় নিয়মিত নজরদারি প্রয়োজন।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন, বিতরণ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, মজুতদারি কিংবা কৃত্রিম সংকট যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর নজর রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং কৃষকের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সার মজুত রেখেছে। তাই সার নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে মাঠপর্যায়ে সুষ্ঠু বিতরণ নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সভায় কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল ও যানবাহন সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।
মাদককে সামাজিক অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, একটি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে মাদক বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এ কারণে মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রয়োজনে তৃণমূল পর্যায়ে মাদকবিরোধী কমিটি গঠনেরও নির্দেশ দেন তিনি। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করলে এর সুফল পাওয়া সম্ভব বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
সভায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুন, এ.ই. সুলতান মাহমুদ বাবু, মো. ফরিদুল কবির তালুকদার শামীম, মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন এবং ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
সভায় জামালপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উপকরণ, বিশেষ করে সার সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।