ঢাকার মেট্রোরেলের ট্রেন ও স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা নিশ্চিত করার দাবিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জনস্বার্থে বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিইউএলএ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম রাশিদুল ইসলাম (রাশেদ) এ নোটিশ পাঠান।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো নোটিশে দেশের প্রধান মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি আজিয়াটা (এয়ারটেল)-কে মেট্রোরেলের ট্রেন ও স্টেশন এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ মেট্রোরেল ব্যবহার করছেন। বিভিন্ন তথ্য অনুযায়ী, দৈনিক প্রায় চার লাখ যাত্রী এই পরিবহন ব্যবস্থার ওপর নির্ভরশীল। কিন্তু চলন্ত ট্রেন ও স্টেশন এলাকায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল থাকায় অনেক যাত্রী জরুরি সময়ে ফোনকল করতে সমস্যায় পড়ছেন।
এতে কল বিচ্ছিন্ন হওয়া, যোগাযোগ ব্যাহত হওয়া এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি তৈরি হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে ডিএমটিসিএলকে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নোটিশদাতাকে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।